নাটোরের বাগাতিপাড়ায় গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

 


আব্দুল মজিদ, নাটোর : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম শুকনা গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।

শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৫ নম্বর ফাগুয়ারদিয়া ইউনিয়নের মাধববাড়িয়া শেখপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হারানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এ সময় আজিজুল হকের দোকানের সামনে থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন,  নাটোর সদর উপজেলার জুজেরহাট এলাকার সুবহানের ছেলে ইউনুস আলী (৪২) এবং বাগাতিপাড়া উপজেলার হিজলি দীঘাপাড়া গ্রামের শাকের মন্ডলের ছেলে আলম মন্ডল ওরফে গেদা (৪০)।

বাগাতিপাড়া মডেল থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন