সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার-৫


সোনারগাঁও প্রতিনিধি : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৪৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।

একই সঙ্গে মামলায় আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ গোলাম সারওয়ার। 

এর আগে শনিবার দুপুরে তালতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার অভিযোগে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হিমেল, মুরাদ, নূর হোসেন, মোখলেস ও শফিকুল ইসলাম নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার উল্লেখ যোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুজ্জামান শামসু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস এবং পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, নাশকতার অভিযোগের প্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া পাঁচজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন