সৈয়দপুরে ৩০০ অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ


নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি :  নীলফামারীর সৈয়দপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৩০০ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন। মানবিক সহায়তার অংশ হিসেবে পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের অসহায়, নিম্নআয়ের ও দুস্থ পরিবারের মাঝে এ মাংস বিতরণ করা হয়।

শুক্রবার (২৯ মে) সকালে শহরের রেলওয়ে অফিসার্স ক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে কোরবানির মাংসের প্যাকেট তুলে দেন ফাউন্ডেশনের সদস্যরা। এর আগে সকালে পশু কোরবানি শেষে মাংস প্যাকেটজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিল্প পরিবার ইকু গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আলম ইকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এম আর আলম ঝন্টু। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সদস্য সচিব সাংবাদিক নওশাদ আনসারী।


এ সময় তানভির আহমেদ, সামিউল আলিম, খন্দকার আবিদা সুলতানা, রাজা, রাব্বি, নুর আলম, রাজন, খালিদসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আলম ইকু বলেন, কোরবানির মূল শিক্ষা ত্যাগ, সহমর্মিতা ও মানবকল্যাণ। সেই চেতনা থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি বলেন, সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। মাংস বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়া উপকারভোগীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের খাদ্য সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, ইফতার সামগ্রী, ঈদের পোশাক প্রদান এবং স্বাবলম্বী প্রকল্পসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন