আব্দুল মজিদ, নাটোর জেলা প্রতিনিধি :
নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের পাশ থেকে রজব আলী নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারনা তাকে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ ঘটনায় রজব আলীর স্ত্রী সহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত রজব আলী হয়বতপুর এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যায় রজব আলী।
পরে সন্ধ্যায় হয়বতপুর বাজার সংলগ্ন নাটোর-ঢাকা মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় রজব আলীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে রজব আলীর মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসে।
পুলিশ পরিবারের সদস্যদের খবর দিলে পরিবারের সদস্যদের এসে মরদেহ সনাক্ত করেন। পুলিশের ধারণা এবং মরদেহের শরীরে থাকা ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখে পুলিশের প্রাথমিক সন্দেহ, তাকে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, “মরদেহে ধারালো আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”এ ঘটনায় রজব আলীর স্ত্রী সহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
