নড়াইল প্রতিনিধি : নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১২টার দিকে সদরের বাহিরগ্রামে এ হত্যাকণ্ডের ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, পারিবারিক কলহের জেরে মাদাকাসক্ত স্বামী সাকিব শেখ (২৫) স্ত্রী খাদিজা আক্তার চাঁদনীকে (২০) বটি দিয়ে বুকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় সাকিবকে আটক করেছে পুলিশ।
নিহত চাঁদনী খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। আর সাকিব একই উপজেলার দামোদর মধ্যপাড়ার জাহিদ শেখের ছেলে। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তুফান নামে সাড়ে তিন বছরের ছেলে সন্তান রয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামী সাকিবকে নিয়ে সোমবার (৪ মে) খুলনার দামোদর থেকে নড়াইল সদরের বাহিরগ্রাম এলাকায় খালা বাড়ি বেড়াতে আসেন চাঁদনী। সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। এর জেরে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে সাকিব। স্বজনেরা নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চাঁদনীকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেছেন, প্রাথমিকভাবে ঘটনাটি 'দুর্ঘটনা' বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত সাকিব। তার দাবি, বটি ওপর পড়ে গিয়ে স্ত্রী চাঁদনী মারা গেছেন। কিন্তু, ঘটনাস্থলের আলামত এবং সাকিবের এলোমেলো কথাবার্তায় তাকে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন তিনি (সাকিব)।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে হত্যাকণ্ডের খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল বাহিরগ্রামে যায়। হত্যায় ব্যবহৃত বটিসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। হত্যায় জড়িত থাকার অভিযোগে স্বামী সাকিবকে আটক করা হয়েছে।

