![]() |
| নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। |
আব্দুল মজিদ, নাটোর: দেশের উন্নয়ন, সুশাসন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যমের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, “স্বাধীন গণমাধ্যম দেশের গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সরকার এ ব্যাপারে বদ্ধপরিকর। দেশে গণতন্ত্র সুসংহতকরণ ও টেকসই উন্নয়নের জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য।”
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে নাটোর প্রেসক্লাব নির্মাণে অর্থসহ প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই ঐতিহ্যবাহী প্রেসক্লাব আজ সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে পৌঁছেছে। আগামী দিনে নাটোর প্রেসক্লাবের অবস্থান আরও সুসংহত ও শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি।”
সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমরা সবসময় গণমাধ্যমকর্মীদের বিপদ-আপদে পাশে থাকতে চাই। তাদের আর্থিক ও পেশাগত অবস্থান সুসংহত করতে চাই। সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে তিনি নাটোরের সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তাহলে যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকব।” এ সময় তিনি সাংবাদিক সমাজের উন্নয়ন ও পেশাগত স্বার্থ রক্ষায় সহযোগিতার আশ্বাস দেন।
নাটোর প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. শহীদুল হক সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বাংলাভিশন প্রতিনিধি কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক রকিব উদ্দিন, ডেইলি অবজারভারের প্রতিনিধি এস এম সেদরুল হুদা ডেভিড, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. আজিজুল হক টুকু, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও রনেন রায়, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার যোসেফ এবং ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাবিদ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি নাটোর প্রেসক্লাবের দীর্ঘ পথচলা, সাংবাদিকতার বিকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিয়ে আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
