মুরাদনগরের কামাল্লায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, বিচারের দাবিতে উত্তাল যুবসমাজ


কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নে যুবলীগ সভাপতির বিরুদ্ধে এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বিচারের দাবিতে সরব হয়েছে স্থানীয় যুবসমাজ।

অভিযুক্ত ব্যক্তি মাহবুবুল আলম মামুন সরকার কামাল্লা গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে এবং কামাল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মে ঈদুল আজহার পরদিন সকাল আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী গৃহবধূ একটি মুদি দোকানে কেনাকাটা করতে গেলে দোকানে কেউ না থাকার সুযোগে তাকে জাপটে ধরার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় এক নারী এবং বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ভুক্তভোগীর স্বামী মামলা করার প্রস্তুতি নিলেও হুমকি ও সামাজিক চাপের কারণে শেষ পর্যন্ত সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হয় বলে স্থানীয়রা জানান। পরবর্তীতে গত বৃহস্পতিবার গ্রামে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ভুক্তভোগীর স্বামী অসুস্থ থাকায় সালিশি কার্যক্রম স্থগিত করা হয়। ওই বৈঠকে স্থানীয় ইউপি সদস্য ও সাবেক জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের আরও অভিযোগ, এর আগেও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একাধিক অনিয়ম ও অপকর্মের অভিযোগ উঠেছে। তবে ভুক্তভোগী পরিবার নিরাপত্তার কারণে সেসব বিষয়ে তখন আইনগত ব্যবস্থা নিতে পারেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন