আব্দুল মজিদ, নাটোর : নাটোরের বাগাতিপাড়া পৌর বিএনপির আয়োজনে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বাগাতিপাড়া পৌর বিএনপির কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি মো. জামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মো. মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোশারফ হোসেন বলেন, “দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা স্বল্প সময়ে যে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছি, তা আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে বিএনপিকে একটি গণমুখী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় থেকে মানুষের সুখ-দুঃখের পাশে দাঁড়াতে হবে।” তিনি বিগত জাতীয় নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে দেশের গণতান্ত্রিক পরিবেশ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নেকবর হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি মো. রেজাউল করিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জুলফিকার হায়দার এবং পৌর নেতা মুক্তার হোসেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করেন।
বক্তারা বলেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাগাতিপাড়ায় বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করা সম্ভব। কর্মীসভাটি দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

