নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাজী ফয়েজ উদ্দীন আকন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম তুহিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে বের হওয়ার সময় ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, আদালতের নির্দেশের পর আজহারুল ইসলাম তুহিনকে প্রিজন ভ্যানে করে জেলা কারাগারে নেওয়ার সময় হাজী ফয়েজ উদ্দীন আকন্দ উচ্চ বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী প্রিজন ভ্যানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা প্রিজন ভ্যানের চলাচল সাময়িকভাবে আটকে দেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল সরকার ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত হওয়ার আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
