ঝিনাইদহে বেগুন খেত থেকে ৭টি গাঁজার গাছ উদ্ধার, আটক ১


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে একটি বেগুন খেতে অভিযান চালিয়ে ৭টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৭ জুলাই মঙ্গলবার দুপুর প্রায় ১২টার দিকে বেতাই-চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চণ্ডীপুর দাখিল মাদ্রাসার পাশের একটি বেগুন খেতে অভিযান পরিচালনা করেন। এ সময় চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেল মণ্ডলের ছেলে ফারুকের বেগুন খেত থেকে প্রায় ৭ ফুট ২ ইঞ্চি উচ্চতার ৭টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার গাছগুলোর মোট ওজন ৫ কেজি ৩০০ গ্রাম। পুলিশের তথ্য অনুযায়ী, এসব গাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ফারুক প্রায় পাঁচ মাস ধরে কৌশলে বেগুন খেতের মধ্যে গাঁজার গাছের চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছগুলো জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজার গাছগুলো জব্দ করে আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে। আটক ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন