ঝিনাইদহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাসেম-শাহীন), রেজিঃ ১৮০৮/৭৫ (১৯৬২-১৯৬৩)-এর ঝিনাইদহ সদর উপজেলা শাখার সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার প্রতিষ্ঠা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংগঠনের ঐক্য ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থেকে শিক্ষার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাকিরুল ইসলাম, সহ-সম্পাদক মো. আব্দুর রাজ্জাক এবং সহ-সম্পাদক আলী মুজতবা রেজা ফিটু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক  জাহিদুজ্জামান গগন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শৈলকুপা উপজেলা শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম। সম্মেলনের আয়োজন করেন ঝিনাইদহ সদর উপজেলার শিক্ষকবৃন্দ।

সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা, শিক্ষকদের পেশাগত সুযোগ-সুবিধা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন।

সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (কাসেম-শাহীন) ঝিনাইদহ সদর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

 এতে সভাপতি নির্বাচিত হন বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হন চাপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিল্লুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন দক্ষিণ শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জে. এম. মাহমুদ পারভেজ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় এবং প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলন শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, খুব শিগগিরই ঝিনাইদহ সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন