নাটোরে বিষপান করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

নাটোরের লালপুরের চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে সহপাঠী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী। আজ সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী তার একই শ্রেণির এক সহপাঠীকে পছন্দ করত। একপর্যায়ে সে ওই সহপাঠীকে প্রেমের প্রস্তাব দিলে সহপাঠী তা সরাসরি প্রত্যাখ্যান করে। এতে ক্ষুব্ধ ও অভিমানী হয়ে সে বেশ কিছুদিন ধরে বিষপানের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে ক্লাস চলাকালীন সবার অজান্তে শ্রেণিকক্ষেই সে বিষপান করে বলে জানা গেছে। বিষয়টি সহপাঠী ও শিক্ষকরা বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগে ওই শিক্ষার্থীর আচরণে অস্বাভাবিক কোনো কিছু আমাদের নজরে আসেনি। আকস্মিক এই ঘটনার পর পুরো বিষয়টি বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছে। তারা তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন