নারায়ণগঞ্জ ফ্লাওয়ার মিল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি সোহাগ ও সাধারণ সম্পাদক ইকবাল

নারায়ণগঞ্জ ফ্লাওয়ার মিল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি সোহাগ ও সাধারণ সম্পাদক ইকবাল



এসএম মিরাজ হোসেন টিপুঃ

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ সোহাগ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইকবাল আলী।

গত ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদায়ী কমিটির সদস্যরা নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির সদ্য বিদায়ী সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসীমউদ্দীন মৃধা এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্টু উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতাদের স্বাগত জানানো হয় এবং বিদায়ী কমিটির সদস্যদের সংগঠনের জন্য দীর্ঘদিনের অবদানের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত নেতারা সমিতির ভবিষ্যৎ কার্যক্রম, নিতাইগঞ্জের ফ্লাওয়ার মিল ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যা এবং ব্যবসার পরিবেশ উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ বলেন, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র। একসময় ‘প্রাচ্যের ড্যান্ডি’ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের বিকাশে নিতাইগঞ্জের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি প্রায় ৫০ বছরের পুরোনো একটি সুপরিচিত ব্যবসায়ী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ফ্লাওয়ার মিল মালিকদের অধিকার রক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসার উন্নয়নে নিয়মিত কাজ করে আসছে।

আলহাজ্ব মোহাম্মদ সোহাগ আরোও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে আটা, ময়দা, সুজি ও ভুসিসহ বিভিন্ন পণ্যের সরবরাহে নিতাইগঞ্জ মিল মালিকদের যথেষ্ট সুনাম রয়েছে। নারায়ণগঞ্জের এই ব্যবসাকেন্দ্র থেকে উৎপাদিত ও সরবরাহ করা পণ্য দেশের বিভিন্ন জেলার মানুষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, চট্টগ্রামের খাতুনগঞ্জ আমদানিনির্ভর ভোগ্যপণ্যের অন্যতম বড় বাজার। অন্যদিকে, আমদানি করা পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিপণনের ক্ষেত্রে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিতাইগঞ্জ ও এর আশপাশের দুই থেকে তিন কিলোমিটার এলাকার মধ্যে প্রায় ৭০ থেকে ৭৫টি ফ্লাওয়ার মিল রয়েছে। এসব মিল দেশের আটা-ময়দার একটি উল্লেখযোগ্য অংশের চাহিদা পূরণ করে থাকে।নবনির্বাচিত সভাপতি তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় সমিতির সকল ভোটার ও ফ্লাওয়ার মিল মালিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ পাইকারি বাজার ও ফ্লাওয়ার মিল গুলির ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাই তিনি বাংলাদেশ সরকার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা প্রশাসনসহ নারায়গঞ্জ জেলা পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পাশাপাশি তিনি এই বিশাল শীল্প এলাকা ও ভোগ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানসমূহের সবধরনের পণ্য সমূহ লোড-আনলোড করার জন্য পর্যাপ্ত ও নির্ধারিত স্থান না-থাকায় সরকারও স্থানীয় প্রশাসনের নিকট একটি রোড আনলোড করার জন্য একটি নির্ধারিত জায়গা ও টার্মিনাল বরাদ্দের অনুরোধ জানান। 

সভাপতি বলেন, ফ্লাওয়ার মিল ব্যবসার সঙ্গে বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড রিটেস্টিং ইনস্টিটিউশন—বিএসটিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। এসব সংস্থার সঙ্গে সমন্বয়ের অভাবে অনেক সময় মিল মালিকদের বিভিন্ন ধরনের প্রশাসনিক ও ব্যবসায়িক সমস্যায় পড়তে হয়। তাছাড়া বিদ্যুৎ, অগ্নিনিরাপত্তা, পরিবেশগত অনুমোদন, মান নিয়ন্ত্রণ ও লাইসেন্সসংক্রান্ত বিষয়গুলোতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। 

তাই নিয়ম মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি সদস্যদের যৌক্তিক সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি  নিতাইগঞ্জের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। 

তিনি জানান, নিতাইগঞ্জে অন্তত নয়টি ব্যবসায়ী সমিতি রয়েছে। তবে নিয়মিত যোগাযোগ, সমন্বয় ও কার্যকর নেতৃত্বের অভাবে এসব সংগঠনের কয়েকটি বর্তমানে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তাই সংগঠনগুলো পুনরায় সক্রিয় ও ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী ব্যবসায়িক প্ল্যাটফর্ম গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। 

অন্যদিকে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল আলী বলেন, ফ্লাওয়ার মিল ব্যবসার সঙ্গে যুক্ত একজন ব্যবসায়ী হিসেবে তিনি গর্বিত। সমিতির সদস্যরা তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সমিতির সদস্যরা আমাকে যে বিশ্বাস ও দায়িত্ব দিয়েছেন এজন্য তার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মোহাম্মদ ইকবাল আলী আরোও বলেন, ফ্লাওয়ার মিল ব্যবসায়ীদের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সদস্যদের মধ্যে যোগাযোগ বাড়ানো, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয় গড়ে তোলার জন্য সভাপতি ও কার্যকরী পরিষদের সদস্যদের সঙ্গে একযোগে কাজ করবেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরাও নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান। তারা বলেন, সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে ফ্লাওয়ার মিল ব্যবসার বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে।

নবনির্বাচিত কমিটির নেতারা বলেন, সরকার ও স্থানীয় প্রশাসন  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় নারায়ণগঞ্জের ফ্লাওয়ার মিল খাতকে আরও সুসংগঠিত, নিরাপদ ও সমৃদ্ধ করা সম্ভব হবে বলে তারা বিশাল কবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন