নরসিংদীর বেলাব উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা।
সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয় এবং এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- বেলাব থানায় কর্মরত পুলিশ কনস্টেবল শামসুল হক (৩০), বেলাব উপজেলার মাটিয়ালপাড়া এলাকার উজ্জল মিয়া (৩৭), সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকার রকি (২৮) এবং একই এলাকার বাদল (৩৭)।
স্থানীয়দের অভিযোগ, বাগানবাড়ি এলাকায় কনস্টেবল শামসুল হক ওই তিন ব্যক্তিসহ মাদক সেবন করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাদের হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের বেলাব থানায় নিয়ে যায়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক পুলিশ সদস্যসহ চারজনের বিরুদ্ধেই নিয়মিত মামলা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
