সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ ও কীটনাশক উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহেশপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫২/১৬-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের আব্দুর রহিমের তেঁতুলতলা এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মো. একলিম হোসেনের নেতৃত্বে সীমান্ত পিলার ৪৭/৮-এস থেকে প্রায় ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকার মো. আলমের পাটখেত থেকে ৬৩ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মদ ও কীটনাশকের ঘটনায় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
