- কলেজের উন্নয়নে ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা
সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মো. মাহবুবুন নুর (মাখন) মনোনীত হওয়ায় তাঁকে সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহ-মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয়ের একটি কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ-মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডা. কে এম বাবুল আক্তার।
আলোচনা সভায় কলেজের শিক্ষকরা নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি মো. মাহবুবুন নুর (মাখন) এর কাছে প্রতিষ্ঠানের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে একাধিক দাবি তুলে ধরেন। তাঁরা কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশের মানোন্নয়ন এবং অবকাঠামোগত বিভিন্ন সমস্যা সমাধানে নতুন সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মজিদ ঝিনাইদহ-মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয়ের উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগে ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি মো. মাহবুবুন নুর (মাখন)কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
