নাটোরে সমাজের পিছিয়ে পড়াদের স্বাবলম্বী করতে বিকেএসের উদ্যোগ


নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধু কল্যাণ সংস্থা (বিকেএস)। সংস্থাটির উদ্যোগে এক অসহায় নারীকে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করে দিতে একটি ছাগল প্রদান করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাগাতিপাড়া ইউনিয়নের নুরপুর চকপাড়া গ্রামের মইমা নামের ওই অসহায় নারীকে প্রায় ৫ হাজার টাকা মূল্যের একটি ছাগল প্রদান করা হয়।

ছাগল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মজিদ, সেক্রেটারি তৌফিকুল ইসলাম পল্লব, উপদেষ্টা হায়দার রশীদ সোনা, সদস্য মাহতাব উদ্দিন ও শিখা বেগম।

এ সময় সংস্থার সভাপতি আব্দুল মজিদ বলেন, “অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশের উন্নয়ন, নারী নির্যাতন ও যৌতুকপ্রথার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এসব কার্যক্রম বন্ধু কল্যাণ সংস্থার নিয়মিত কর্মসূচির অংশ। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে আমরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখতে চাই।”

বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ হাফিজুর রহমান বলেন, “বন্ধু কল্যাণ সংস্থার এ ধরনের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। একটি ছাগল হয়তো খুব বড় কোনো সহায়তা মনে হতে পারে না, কিন্তু একজন অসহায় মানুষের জন্য এটি হতে পারে আত্মনির্ভরশীল হয়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়ায়। আমি আশা করি, বন্ধু কল্যাণ সংস্থা ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে তাদের স্বাবলম্বী করতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করবে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এমন মহৎ উদ্যোগে এগিয়ে আসা উচিত।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন