বৈষম্য বিরোধী একাধিক মামলার আসামি "পাড়া মাসুদ" এখনো প্রকাশ্যে, বিএনপি নেতাকর্মীদের ক্ষোভ ‎

বৈষম্য বিরোধী একাধিক মামলার আসামি "পাড়া মাসুদ" এখনো প্রকাশ্যে, বিএনপি নেতাকর্মীদের ক্ষোভ


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

‎‎নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর হাজ্বী আনোয়ার ইসলাম ও নাসিক ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ইলিয়াস ইসলাম লিয়নের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত মাসুদ রানা "ওরফে" (পাড়া মাসুদ) কে সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে বলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ২৪ এর গণঅভ্যুত্থান তথা বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে দায়েরকৃত একাধিক মামলা রয়েছে ।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর সাবেক কাউন্সিলর হাজ্বী আনোয়ার ইসলাম ও তার ছেলে ইলিয়াস ইসলাম লিয়নের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মাসুদ রানা "ওরফে" (পাড়া মাসুদ) দীর্ঘদিন আত্মগোপনে থাকায়, একাধিক মামলার আসামি হয়েও তিনি ছিলেন প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। তবে গত কয়েকদিন যাবৎ মাসুদ কে ১নং ওয়ার্ডস্থ এলাকা সহ সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে বলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। 

‎স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী ফ্যাসিস্ট  সরকারের আমলে সাবেক কাউন্সিলর আনোয়ার ইসলাম ও তার ছেলে ইলিয়াস ইসলাম লিয়নের দলীয় ক্ষমতা ও প্রভাব কাজে লাগিয়ে মাসুদ ১নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত ছিলেন। তৎকালীন সময়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের সঙ্গে সখ্যতা গড়ে অসংখ্য বিএনপি নেতাকর্মীদের বিভিন্নভাবে মিথ্যা মামলা সহ নানাভাবে হয়রানি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

‎অন্যদিকে জনৈক মোঃ জাকির হোসেন নামে এক বিএনপি কর্মীর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মাসুদ রানার প্রকাশ্যে ঘোরাফেরা নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দেওয়া হয়েছে। ঐ পোস্টে মাসুদের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা সহ, বিএনপি নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানিসহ মিথ্যা মামলায় গ্রেফতার করার অভিযোগ তোলেন।

‎ফেসবুক পোস্টে জাকির হোসেন দাবি করেন, ৫ আগস্টের আগে মাসুদ আওয়ামী লীগের দোসর হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করতেন এবং বিএনপির অনেক নেতাকর্মীকে গ্রেফতার করিয়ে কারাগারে পাঠানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি বিএনপির কিছু নেতাকর্মীর সঙ্গে গোপনে সখ্যতা তৈরি করে তার সকল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা সহ এলাকায় চলাফেরা করছেন বলেও পোস্টে অভিযোগ করা হয়।

‎জাকির হোসেন তার পোস্টে আরও লেখেন, “আপনারা একটু যাচাই-বাছাই করে দেখেন" আমি কোনো রকম মিথ্যা কথা বললাম কিনা? একই সঙ্গে মাসুদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় আসামি থাকা সত্বেও প্রকাশ্যে ঘোরাফেরা করার অভিযোগও করেন তিনি।

‎স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, বিভিন্ন মামলার আসামিরা কীভাবে প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছেন, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খতিয়ে দেখা উচিত।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ এমদাদুল হক এর নিকট জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে মামলা থাকলে তাকে অবশ্যই গ্রেফতার করা হবে। আমি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন