সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক কর্মসূচি। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দকে জনকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে যুক্ত করতে জেলা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, জননেতা আলহাজ্ব অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ।
এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন। উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ বিশ্বাস , জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনসহ জেলা, সদর উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জলজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষার বার্তাও তুলে ধরেন আয়োজকরা।
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাছ অবমুক্তকরণ কর্মসূচিটি পরিণত হয় মিলনমেলায়।
বিএনপির ৪৮ বছরের পথচলায়—ঝিনাইদহে ব্যতিক্রমী এই আয়োজন যেন দিলো নতুন এক বার্তা।

