আবু রেজা, বাগাতিপাড়া প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে সক্রিয় থাকা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় তমালতলা বাজারে বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাতাব উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন। বক্তব্যে তিনি বলেন, সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী ও এগিয়ে নিতে প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে সরকারি পর্যায় থেকে জনগণের জন্য যেসব সুযোগ-সুবিধা ও সহায়তা আসবে, সেগুলো যাতে যথাযথভাবে মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সচেতন ও সক্রিয় থেকে মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার রশীদ সোনা, মহিলা দলের নেত্রী আইভি আক্তার, বিএনপি নেতা হাফিজুর রহমান, আমিরুল ইসলাম ও আবু জাফর, যুবদল নেতা তরিকুল ইসলাম, ছাত্রদল নেতা কেএম তারেকুজ্জামান, আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে যোগাযোগ আরও জোরদারের বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
