মো: লুৎফল রহমান (খাজা শাহ্) :
ঢাকা মহানগরীর গুলিস্তানে (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ অভিযান চালিয়ে ৩১৬টি চোরাই মোবাইল ফোন, ৯টি ট্যাব ও বিপুল পরিমাণ মোবাইল ফোনের সরঞ্জামসহ ১৩ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন মো. কাউসার হোসেন (২৭), তানভীর হাসান (২৩), মো. সাগর (৩২), মো. শামীম (২৯), মো. ইয়াসিন আরাফাত (২৫), মো. নূর আল হোসেন (৩২), মো. দুলাল (৪৫), মো. জাহিদ হোসেন (২৯), মো. লিটন (১৮), মো. রাজিন (১৯), ওমর ফারুক (২৯), মো. কাউসার ইসলাম (১৯) ও এক শিশু।
গত সোমবার ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন ডেইলী নিউজ বিডি অনলাইন কে এ তথ্য জানান। তিনি বলেন, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানাধীন গুলিস্তান গোলাপ শাহ মাজার মোড়সংলগ্ন ফুটপাতে অভিযান চালানো হয়। এ সময় চোরাই মোবাইল ফোন, ট্যাব ও অ্যাকসেসরিজসহ তাদের গ্রেফতার করা হয়।
ডিসি আকতার হোসেন বলেন, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন চুরি ও ছিনতাই করত। পরে এসব চোরাই মোবাইল গুলিস্তান গোলাপ শাহ মাজার মোড়সংলগ্ন ফুটপাতে বেআইনিভাবে ক্রয় বিক্রয় করিত।
