গাজী রুবেল, নোয়াখালী ব্যুরোপ্রধানঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজারে চারতলা ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুজ্জামান চৌধুরী। এ ছাড়া প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বেগমগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে তিনি চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ভবনের নির্মাণকাজ, ভূমি কর্মকর্তার কার্যালয়, বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয় ও গোলাবাড়িয়া কাঁচাবাজার ঘুরে দেখেন। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে বাজারে চারতলা ভবন নির্মাণের ঘোষণা দেন। এ ছাড়া জরাজীর্ণ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পরিবর্তে নতুন ভবন নির্মাণের আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান, ব্যবসায়ী নেতা হুমায়ুন কবির, জিরতলী ইউপি চেয়ারম্যান শামসুল আলম লাভলুসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
