কুমিল্লা-৩ আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ, প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা


কুমিল্লা (মুরাদনগর) থেকে ফিরে মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচার-প্রচারণা ততই জমে উঠছে কুমিল্লা-৩ মুরাদনগর আসনের নির্বাচনী মাঠ। প্রার্থীদের প্রচার-প্রচারণায় এখন মুখরিত পুরো উপজেলা। সব মিলিয়ে এই মুহূর্তের প্রচার-প্রচারণায় বেশি ব্যস্ত সময় পার করছেন এ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং ১১ দলীয় জোটের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ সোহেল।

একদিকে প্রার্থী ও তাদের নেতাকর্মীরা ভোটারদের নিকট তাদের পক্ষে ভোট প্রার্থনা করছেন। অপরদিকে চায়ের দোকানে আড্ডার ফাঁকে চলছে প্রার্থীদের ও ভোট নিয়ে আলাপ-আলোচনা। তবে চলতি বছরে নির্বাচনী প্রচারণায় পোস্টার না থাকায় প্রার্থীরা ব্যবহার করছেন ভিন্ন কৌশল। কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিদিন বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল তাদের নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী জনসভা, পরামর্শমূলক সভা, পথসভা, উঠান বৈঠক এবং মাইকিং করে যাচ্ছেন। এদিকে এ আসনে আরো প্রার্থী থাকলেও মাঠে তাদের তেমন কোন প্রচার-প্রচারণা দেখা যায় না। সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ আসনে মূল লড়াই হতে যাচ্ছে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে।

এ প্রতিবেদক দৈনিক নবঅভিযান ও ডেইলী নিউজ বিডি অনলাইনের নির্বাহী সম্পাদক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) এর সাথে মুরাদনগর নির্বাচন অফিসের সংশ্লীষ্ট কর্মকর্তা এক সাক্ষাতে জানান,  উপজেলার ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে মোট ভোটার ৫ লাখ ৭ শত ২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৮ হাজার ৯০৫ জন, মহিলা ভোটার ২ লাখ ৪১ হাজার ৮১৭জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার ৪ জন। এর মধ্যে পোস্টাল ব্যালটের ভোটার সংখ্যা ৯৪৯৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৮৯০৭ জন এবং মহিলা ভোটার ৫৯১ জন। নির্বাচনে ১৫৯ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যার যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন