নওগাঁর তিলকপুরে হাজারো মানুষের ঢল, দোয়া ও ইফতার মাহফিলে ঐক্যের বার্তা


এ,বি,এম,হাবিবুর রহমান:

পবিত্র রমজানের আবহে নওগাঁ সদর উপজেলার ৪ নম্বর তিলকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মুসলিম হাইস্কুল মাঠ যেন পরিণত হয়েছিল এক মিলনমেলায়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সেখানে অনুষ্ঠিত হয় এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল। আয়োজনটি ঘিরে বিকেল থেকেই মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

যুবদল নেতা এস এম লিটনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। উল্লেখযোগ্য সংখ্যক নারীর উপস্থিতি আয়োজনকে দিয়েছে ভিন্নমাত্রা। ইফতারের আগে ধর্মীয় আলোচনা ও দোয়া পরিচালনা করেন মুফতি মো. ছানোয়ার হোসেন, মো. মোশারফ হোসেন ও মো. লিয়াকত আলী। তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজক এস এম লিটন বলেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তিনি দাবি করেন, নওগাঁ সদরের ইউএনও’র অনিয়মের প্রতিবাদ করায় তাকে বহিষ্কার করা হয়েছিল। বর্তমানে তিনি নওগাঁ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানান। তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী  তারেক রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশায় তিনি পরিবারসহ ঢাকার ৩০০ ফিট এলাকায় তিন দিন অবস্থান করেছিলেন।

দোয়া মাহফিলে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা খালেদা জিয়া এবং দেশের সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে নওগাঁ সদর আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

আসর থেকে মাগরিবের আজান ধ্বনিত হলে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। আয়োজন শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। ধর্মীয় আবহ, রাজনৈতিক সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে তিলকপুরের এ দোয়া ও ইফতার মাহফিল স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন