আন্তর্জাতিক ডেস্ক (ডেইলি নিউজ) : বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের প্রেম করার পরামর্শ দিলো চীনের একটি বিশ্ববিদ্যালয়। ছুটির সময়টাতে শিক্ষার্থীদের প্রেম করার এই পরামর্শ দিয়ে আলোচনায় দেশটি। বলা হচ্ছে চীনের মতো ভালো ফলাফলের প্রতি অত্যন্ত মনোযোগী একটি দেশে এটি বেশ অস্বাভাবিক নির্দেশনা। তবে তারা বলছে বিয়ে ও অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়াতে নতুন উপায়ের অংশ এটি।
বিশ্ববিদ্যালয়টি ‘ফুল দেখুন, রোমান্স উপভোগ করুন’- এই স্লোগান সামনে রেখে ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বসন্তকালীন ছুটির ঘোষণা দিয়েছে সিচুয়ান সাউথওয়েস্ট ভোকেশনাল কলেজ অব অ্যাভিয়েশন। বিষয়টি তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে জানানো হয়েছে।
গত মঙ্গলবার (১৬ মার্চ) প্রকাশিত তাদের একটি নোটিশে শিক্ষক ও শিক্ষার্থীদের বই-খাতা কিছু সময়ের জন্য সরিয়ে রাখার আহ্বান জানানো হয়। নোটিটি আসে প্রায় দুই সপ্তাহ পর, যখন চীন সরকার জানায় যে প্রচলিত গ্রীষ্ম ও শীতকালীন ছুটির পাশাপাশি স্কুলগুলোতে বসন্ত ও শরৎকালীন ছুটি চালু করা হবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কর্মীদের অফ-সিজনে ভ্রমণের সুযোগ দিতে ধাপে ধাপে বেতনসহ ছুটি নেওয়ার ব্যপারেও উৎসাহিত করা হবে।
সিচুয়ান ও পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশ, পাশাপাশি সুঝো ও নানজিং শহর- এসব জায়গায় এরই মধ্যে বসন্তকালীন ছুটির পরিকল্পনা ঘোষণা করা হয়েছে, যার বেশিরভাগই এপ্রিল বা মে মাসের শুরুর দিকে নির্ধারিত। ১৪০ কোটি জনসংখ্যার দেশে ভ্রমণ ও অবসর কার্যক্রম বাড়িয়ে অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়াতে চায় চীন। পাশাপাশি, বেশি অবসর সময় জন্মহার বৃদ্ধির ক্ষেত্র তৈরি করবে- এমনটিও আশা করছে কর্তৃপক্ষ, যাতে কমতে থাকা জনসংখ্যার প্রবণতা উল্টানো যায়।
২০২৫ সালে টানা চতুর্থবারের মতো চীনের জনসংখ্যা কমেছে। জন্মহার নেমেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে, আর বিশেষজ্ঞরা আরও পতনের আশঙ্কা করছেন।
