যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ইরানের প্রত্যাখ্যান : উত্তেজনা আরও তীব্র

ছবি : সংগৃহীত

ডেইলি নিউজ (আন্তর্জাতিক ডেস্ক) : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়াতেই উত্তেজনা কমাতে দেওয়া যুক্তরাষ্ট্র-এর যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।

মঙ্গলবার (১৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ওয়াশিংটন ও তেল আবিবকে আগে পরাজয় স্বীকার এবং ক্ষতিপূরণ দিতে হবে—তারপরই কেবল শান্তি আলোচনা সম্ভব।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈদেশিক নীতি বৈঠকেই মোজতবা খামেনি এই কঠোর বার্তা দেন। তার অবস্থানকে আপসহীন ও প্রতিশোধমূলক বলে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, অন্তত দুটি দেশ মধ্যস্থতাকারী হিসেবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দেয়। তবে নতুন নেতৃত্ব গ্রহণের পর থেকেই মোজতবা খামেনির অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত তার কোনো নতুন ছবি বা ভিডিও প্রকাশ পায়নি।

কিছু ইরানি সূত্র দাবি করেছে, সাম্প্রতিক হামলায় তিনি সামান্য আহত হয়েছেন। তবে মার্কিন কর্মকর্তাদের মতে, তার আঘাত গুরুতর হতে পারে। এ অবস্থায় তার কঠোর বার্তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত ফেব্রুয়ারিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন সংলাপ চললেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।

এর পরপরই ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন বলে দাবি করা হয়েছে।

এর জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। টানা ১৮ দিনের পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন ভয়াবহ সংঘাতময় পরিস্থিতির মধ্যে রয়েছে।

ইরানের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত দেশটিতে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন