ঢাকায় ১ হাজার ৭শ ৭১টি ঈদ জামাত, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার


মো. সাইদুল ইসলাম : ঢাকায় ঈদুল ফিতর উপলক্ষে মোট ১ হাজার ৭শ ৭১টি ঈদ জামাত আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সাংবাদিকদের জানিয়েছেন, এসব জামাত ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই এবং সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, রাজধানীর ১২১টি ঈদগাহ ও ১,৫৯৯টি মসজিদে এসব জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রতিবারের মত জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি অংশ নেবেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়। এছাড়া আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে একটি বড় জামাতের আয়োজন করা হয়েছে।

ডিএমপি কমিশনার আরও জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীতে আগের দিন তিনটি ঈদ জামাত এবং শিয়া সম্প্রদায়ের জন্য আটটি পৃথক জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, জাতীয় ঈদগাহসহ সব গুরুত্বপূর্ণ স্থানে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে এবং পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাও সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।

সব শেষে তিনি আশ্বস্ত করে বলেন, “নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই। তবে সতর্কতার অংশ হিসেবে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন