নওগাঁয় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করল শহীদ জিয়া প্রজন্ম দল


এ,বি,এম,হাবিবুর রহমানঃ পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে নওগাঁ শহরে পথচারী ও খেটে খাওয়া রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল, নওগাঁ জেলা শাখা।

গতকাল বুধবার (১৮ মার্চ) বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, থানার মোড় ও জনসমাগমপূর্ণ এলাকায় এ ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা পথচারী, রিকশাচালক, দিনমজুর ও অসহায় রোজাদারদের হাতে ইফতার প্যাকেট তুলে দেন। কর্মসূচি চলাকালীন সময় এলাকায় এক মানবিক আবহের সৃষ্টি হয়।

ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ সদর থানা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মনিরুল হাসান রুবেল, সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সাজু, বাংলাদেশ শহীদ জিয়া প্রজন্ম দলের আহ্বায়ক মো. সুমন হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. স্বপন হোসেন এবং সদস্য সচিব মো. মিনহাজুল হক সম্রাট।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নওগাঁ পৌর শাখার সভাপতি মো. চঞ্চল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রনি হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. সুইট হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, রমজান মাস সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। অসহায় ও পথচারি রোজাদার মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

ইফতার বিতরণ কার্যক্রমে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ইফতার পেয়ে পথচারী ও শ্রমজীবী মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন