দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয় (প্রতিবন্ধী)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ৩৫০ জন শিক্ষার্থীকে ঈদ উপহার প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের স্কাউট দল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদ বীন আনোয়ার সজীব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র উপদেষ্টা শওকত হায়দার খসরু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা নাসির উদ্দিন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের সকলের দায়িত্ব। এ ধরনের উদ্যোগ তাদের আনন্দকে আরও বাড়িয়ে দেয় এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
