রাজধানীতে ঝুম বৃষ্টি, বিকেলেই সন্ধ্যার অন্ধকার



নিজস্ব প্রতিবেদক : কয়েক দিন ধরে প্রচণ্ড গরম বেড়ে গিয়েছিল। প্রখর রোদে মানুষের নাভিশ্বাস উঠে যায়। আজ বুধবার (১৩ মে) রাজধানীর আকাশে সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ ঝলমল করলেও, বিকেল ৩টার পর আকাশ মেঘে ঢেকে যায়।

বিকেল ৪টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকার কোথাও কোথাও মুষলধারায় বৃষ্টি শুরু হয়। এতে গরমের অস্বস্তি কমে আসে কিছুটা। তবে এমন বৃষ্টিতে বিপাকে পড়েছেন পথচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

সরেজমিনে রাজধানীর পুরানা পল্টনে দেখা যায়, হঠাৎ বৃষ্টিতে ক্ষুদ্র ব্যবসায়ীরাসহ ফুটপাতে বসা বিক্রেতারা বিপাকে পড়েছেন। এ সময় তাদের পণ্য পলিথিন বা ত্রিপল দিয়ে ঢেকে ফেলেন। তাতেও ক্ষতির মুখে পড়ে যান অনেকে।

বৃষ্টি থেকে রক্ষা পেতে পথচারীরা আশ্রয় নেন বিভিন্ন ভবনের নিচে, অফিসের বারান্দায় এবং বিপণিবিতানে। তবে সড়কে থাকা রিকশাচালকরা বৃষ্টিতে ভিজে জবুথবু হয়ে যান।

এদিকে বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের তিন বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণের পূর্বাভাসও ছিল। ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চলে ঝড় ও বৃষ্টিও হয়েছে।

তিন বিভাগের পূর্বাভাসে আরও বলা হয়, দেশের ভেতরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকতে পারে। ফলে সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গা আর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন