নারায়ণগঞ্জে তথ্য সংগ্রহকালে র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ীরা

নারায়ণগঞ্জে তথ্য সংগ্রহকালে র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ীরা



নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

মঙ্গলবার দুপুর ১টার সময় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর বোয়ালিয়াখাল এলাকায় ওয়ারেন্ট ভুক্ত আসামিসহ মাদক ব্যবসায়ী ও মাদকের স্পট সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় মাদক ব্যবসায়ীদের বর্বরোচিত হামলার দায়িত্বরত র‍্যাবের ৩ সদস্য গুরুতর আহত হয়েছেন।

 

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, র‍্যাবের একটি গোয়েন্দা দল ফতুল্লা থানাধীন  মাসদাইর বোয়ালিয়াখাল এলাকায় ওয়ারেন্ট ভুক্ত আসামি ও মাদক বিক্রির স্পটের গোপন তথ্য সংগ্রহ করতে গেলে, তথ্য সংগ্রহকারী ঐ র‍্যাব সদস্যদের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অতর্কিত ও সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথারি  আক্রমণ চালায়। 


চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কাপুরুষোচিত এই হামলায় ৩ জন র‍্যাব সদস্যর শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে জখম ও আঘাতপ্রাপ্ত হয়েছেন। আহত র‍্যাব সদস্য মাহি ও ইব্রাহিমকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য  নারায়ণগঞ্জ সদর জেনারেল  হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা নিবির পর্যবেক্ষণে রয়েছেন। 


আহত আরেক র‍্যাব সদস্য এসআই নজিবুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়েছে। 


আহত র‍্যাব সদস্যদের দেখতে র‍্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন হাসপাতালে গিয়ে আহত র‍্যাব সদস্যদের খোঁজখবর নেন। 

র‍্যাব সূত্র জানিয়েছে মাদক নির্মূলের এই মহৎ লড়াইয়ে র‍্যাব সদস্যদের এমন ত্যাগ র‍্যাবের মনোবলকে আরও দৃঢ় করেছে। র‍্যাব স্পষ্ট করে জানিয়েছে যে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে কোনো অপরাধী পার পাবে না। 


উক্ত ঘটনায় জড়িতদের মূল হোতাসহ প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে এলাকায় বর্তমানে ব্যাপক অভিযান চলমান রয়েছে।

মাদকমুক্ত সমাজ ও নিরাপদ নগরী গড়তে র‍্যাবের এই কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন