আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর সাপাহারে আম মৌসুমকে ঘিরে বাজার মনিটরিং, নিরাপত্তা জোরদার এবং সুষ্ঠু বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করতে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সাপাহার জিরো পয়েন্ট মুক্তমঞ্চ এলাকায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ আমের আড়তকেন্দ্র সাপাহার আম বাজারে এ কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) শ্যামলী রানী বর্মন, সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, পরিবহন শ্রমিক নেতা জয়নাল আবেদীন এবং আম আড়ত সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাতসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার স্থানীয় বিভিন্ন আমের আড়ত পরিদর্শন করেন এবং ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতারণা প্রতিরোধ এবং ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পুলিশ সুপার জানান, আম মৌসুমে ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে বাজার এলাকায় অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পাশাপাশি জাল টাকা শনাক্ত ও প্রতিরোধে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। বাজারে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এদিকে স্থানীয় ব্যবসায়ী ও আড়তদাররা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ আম ব্যবসায় আস্থা বাড়াবে এবং বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে।
