নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ম্যাগজিন সংযুক্ত পিস্তলসহ একজন গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে একটি ম্যাগাজিন সংযুক্ত সচল পিস্তলসহ নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি কালো রঙের রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) ভোর রাত সাড়ে ৩টার দিকে কর্তব্যরত এসআই মোঃ মনির হোসেনে ও এএসআই এসএম ইলিয়াস হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযান পরিচালনাকারী দল সিদ্ধিরগঞ্জ থানাধীন ১/২ এনায়েতনগর এলাকার মিজি ম্যানশন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে নাজির হোসেন নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি তেঁতুল গাছের শিকড়ের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় একটি ম্যাগাজিন সংযুক্ত সচল পিস্তল উদ্ধার করে পুলিশ এবং ঘটনাস্থল থেকেই নাজির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত নাজির হোসেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বেবী বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ এমদাদুল হক আরোও জানান, এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সকল প্রকার আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
