হাফেজ নজরুল : "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"—এই মহান ব্রতকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঐক্য মানব সেবা সংগঠন’। নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সকালে উপজেলার স্থানীয় এলাকায় প্রায় ১০০ জন এতিম, দুস্থ, প্রতিবন্ধী, ভিক্ষুক ও পথচারীর মাঝে রান্না করা পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।
জানা যায়, গত ২০শে মে ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘ঐক্য মানব সেবা সংগঠন, মুরাদনগর’। বর্তমানে ৫১ জন নিবেদিতপ্রাণ তরুণের সক্রিয় অংশগ্রহণ ও একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটির সুচারু পরিচালনায় এগিয়ে চলছে এই সংগঠনের যাবতীয় মানবিক কর্মকাণ্ড। প্রতিষ্ঠার পর থেকেই প্রতি মাসের শেষ শুক্রবার সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার এই ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগটি নিয়মিত পরিচালনা করে আসছে সংগঠনটি।
শুক্রবার সকালে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই দুপুরের খাবার তুলে দেওয়া হয়।
খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে কার্যক্রমের তদারকি ও দিকনির্দেশনা প্রদান করেন সংগঠনের সভাপতি গোলাম জিলানী, সাধারণ সম্পাদক মোঃ মাসুম মিয়া,সাংগঠনিক সম্পাদক মুফতি মনিরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ আব্দুর রহিম।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা হাফেজ নজরুল ইসলাম, এস এম মোস্তাফিজু রহমান, যুগ্ম সম্পাদক নাছির মিয়া ও নজরুল ইসলাম কালী,সহ সংগঠনের অন্যান্য মাঠপর্যায়ের সক্রিয় স্বেচ্ছাসেবীবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, "সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে সামান্য হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। তরুণেরা যদি এভাবে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তবে সমাজে কোনো মানুষ অনাহারে থাকবে না।" সংগঠনটির এই মানবিক ও দূরদর্শী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সর্বস্তরের জনসাধারণ। আগামী দিনেও এই ধারা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন সংশ্লিষ্টরা।
