জামায়াতে ইসলামী করার অভিযোগে সাপাহারে মসজিদের ইমামকে অব্যাহতির অভিযোগ


আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার কৈবত্তগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক মাও: মো: মফিজুল ইসলাম কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী মাও: মো: মফিজুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি জামায়াতে ইসলামী করার কারণে আমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু এ বিষয়ে আমাকে কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি এবং গ্রহণযোগ্য কোনো কারণও জানানো হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মাও: মো: মফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে কৈবত্তগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি মক্তবে শিশুদের কোরআন শিক্ষা দিয়ে আসছিলেন।

অভিযোগ অনুযায়ী, গত (৩০ জুন) বিকেলে তিনি প্রতিদিনের মতো মক্তবে পাঠদান করতে গেলে সেখানে স্থানীয় কদমডাঙ্গা ইসলামিয়া মাদ্রাসা থেকে আসা এক শিক্ষার্থীকে দেখতে পান। বিষয়টি জানতে চাইলে ওই শিক্ষার্থী তাকে জানান, মক্তবে পাঠদানের জন্য তাকে পাঠানো হয়েছে এবং তিনিই নতুন ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।

পরে একই দিন এশার নামাজের সময় মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি জালাল উদ্দীন মৌখিকভাবে মাও: মো: মফিজুল ইসলামকে জানান, আগামী ১লা জুলাই থেকে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ ঘটনার নিরপেক্ষ তদন্ত, অব্যাহতির প্রকৃত কারণ প্রকাশ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কৈবত্তগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি জালাল উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন