আব্দুল মজিদ, নাটোর : জুয়ায় টাকা হারিয়ে সেই ঘটনা আড়াল করতে ছিনতাইয়ের নাটক সাজানোর অভিযোগে নাটোরে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের এক সেলস অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া ওই কর্মীর নাম মো. স্বাধীন হোসেন (২২)।
পুলিশ জানায়, গত ১ জুলাই বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজ থেকে বিভিন্ন এজেন্ট পয়েন্টে লেনদেন পরিচালনার জন্য স্বাধীন হোসেনকে নগদ ২ লাখ টাকা এবং বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আরও ১ লাখ ৫০ হাজার টাকার ব্যালেন্স দেওয়া হয়। দিন শেষে তিনি দাবি করেন, নাটোর সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তার কাছ থেকে নগদ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ তদন্ত শুরু করলে একের পর এক অসংগতি ধরা পড়ে। ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয় যে, অভিযোগকৃত স্থানে কোনো ছিনতাইয়ের ঘটনাই ঘটেনি।
পরে নিবিড় জিজ্ঞাসাবাদে স্বাধীন হোসেন স্বীকার করেন, অনলাইনে জুয়া খেলতে গিয়ে তিনি প্রতিষ্ঠানের টাকা হারিয়ে ফেলেন। এরপর আত্মসাতের ঘটনা গোপন করতেই ছিনতাইয়ের একটি সাজানো গল্প তৈরি করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন।
এ ঘটনায় বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের বিজনেস ম্যানেজার বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে গত ২ জুলাই রাতে শহরের স্টেশন বাজার এলাকা থেকে স্বাধীন হোসেনকে গ্রেপ্তার করা হয়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম জানান, প্রাথমিক তদন্তে ছিনতাইয়ের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। অভিযুক্ত আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন। আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করে মিথ্যা অপরাধের ঘটনা সাজিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা গুরুতর অপরাধ। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
