নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলার তামালতলা বাজারে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ যৌন উত্তেজক কোমল পানীয় (ফ্রুট সিরাপ) এবং মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিপুল পরিমাণ অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
বুধবার (২৪ জুন) বেলা ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসানের নেতৃত্বে তামালতলা বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা কমিটির নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক ।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে অনুমোদনহীন যৌন উত্তেজক কোমল পানীয় ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস সামগ্রী বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তামালতলা বাজারের মৌসুমী স্টোরের স্বত্বাধিকারী সেলিম আলীকে ৪ হাজার টাকা এবং মা কসমেটিকস অ্যান্ড গিফট কর্নারের স্বত্বাধিকারী রাকিবুল ইসলাম রকিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানে ৭ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মনিটরিং কার্যক্রমের সময় মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ও অননুমোদিত ফ্রুট সিরাপ সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। জব্দ করা মেয়াদোত্তীর্ণ পণ্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. নাজমুল হাসান ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তাস্বার্থ রক্ষায় সকলকে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। অনুমোদনহীন, ভেজাল বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য তিনি ব্যবসায়ীদের সতর্ক করেন।
তিনি আরও জানান, ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে এমন পণ্য বাজারজাতকরণ ও বিক্রির বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনস্বার্থে বাজার তদারকি জোরদার করার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় কঠোর নজরদারি চালানো হবে।
স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বাজারে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে নিয়মিত তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
