সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির উপকারভোগীদের অংশগ্রহণে বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা এবং জেলা প্রশাসকের তিন বছর মেয়াদি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে জরায়ুমুখের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বেলা ১২টায় ৯নং পোড়াহাটি ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার মিথিলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। সঞ্চালনা করেন ঝিনাইদহ মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মুন্সী ফিরোজা সুলতানা।
সভায় বক্তারা বাল্যবিবাহের কুফল, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং জরায়ুমুখের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা ও টিকাদানের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বাল্যবিবাহ ও নারী নির্যাতনমুক্ত সমাজ গঠনের পাশাপাশি নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি বিভিন্ন উদ্যোগ সফল করতে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
অনুষ্ঠান শেষে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে প্রায় ৫০ জন শিক্ষার্থীকে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের (এইচ পি ভি) টিকা প্রদান করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
