জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নোমান হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ইতোমধ্যেই বিশ্বব্যাপী দৃশ্যমান। প্রাকৃতিক দুর্যোগ, তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত এবং জীববৈচিত্র্যের ক্ষয় রোধে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, নদী-খাল ও জলাশয় দূষণমুক্ত রাখা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ওপর তারা গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, একটি বাসযোগ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়েও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন