আব্দুল মজিদ, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের গেটের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা।
পথসভায় বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোশাররফ হোসেন এবং পৌর বিএনপির আহ্বায়ক আমিরুল ইসলাম জামাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, হায়দার রশীদ সোনা, যুবদল নেতা আবু রায়হান ও দৃষ্টি হারানো জুলাই যোদ্ধা মিঠু আহমেদ সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ১৬ জুলাই শহীদ দিবস দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণের দিন। তাঁদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য প্রেরণার উৎস। শহীদদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পথসভায় বক্তারা আরও বলেন, জুলাই শহীদ দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিবেচনায় দিবসটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রশাসনের উদ্যোগে আরও ব্যাপক ও মর্যাদাপূর্ণভাবে উদযাপন করা উচিত। এ লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি ভবিষ্যতে দিবসটি আরও বড় পরিসরে আয়োজনের আহ্বান জানান তারা।
পথসভা শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
