সোনারগাঁয়ে এসিল্যান্ড ও প্রধান সহকারীর স্বাক্ষর জাল করে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ


সোনারগাঁও প্রতি‌নি‌ধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর এবং পেশকারের স্বাক্ষর জাল করে ভুয়া সরকারি আদেশপত্র, নামজারি খতিয়ান ও কিউআর কোডযুক্ত ডিসিআর তৈরি করে প্রতারণার অভিযোগ উঠেছে আরিফুল ইসলাম শাহিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

অভিযুক্ত আরিফুল ইসলাম শাহিন উপজেলার সাদিপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের ফটিক চাঁনের ছেলে। তিনি পেশায় একজন মুহুরী (দলিল লেখকের সহকারী) বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী মো. আব্দুল কাদির কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বরাবর দেওয়া লিখিত অভিযোগে জানান, তার বিচারাধীন বিবিধ মামলা নং-৭৮৩/২৩ দ্রুত নিষ্পত্তি করে নামজারি সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে শাহিন তার কাছ থেকে চুক্তি বাবদ ৪০ হাজার টাকা নেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মামলার চূড়ান্ত রায় হওয়ার আগেই শাহিন একটি কথিত সরকারি আদেশপত্র, নামজারি খতিয়ান নং-১১৮১১/২০২৫-২৬ এবং কিউআর কোডসংবলিত একটি ডিসিআর সরবরাহ করে দাবি করেন যে, নামজারির কার্যক্রম সম্পন্ন হয়েছে।

পরবর্তীতে নথিপত্রের সত্যতা যাচাই করতে ভুক্তভোগী সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস ও কাঁচপুর রাজস্ব সার্কেল অফিসে গেলে জানতে পারেন, মামলাটি এখনও বিচারাধীন রয়েছে এবং এ বিষয়ে কোনো চূড়ান্ত আদেশ দেওয়া হয়নি। অভিযোগ অনুযায়ী, সহকারী কমিশনার (ভূমি), পেশকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে এসব ভুয়া নথি তৈরি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, “মামলাটি আমার আদালতে বিচারাধীন থাকা অবস্থায় শাহিন নামে এক ব্যক্তি আমার এবং পেশকারের স্বাক্ষর জাল করে ভুয়া আদেশপত্র, নামজারি খতিয়ান ও ডিসিআর তৈরি করে ভুক্তভোগীর কাছে সরবরাহ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুতর। ইতোমধ্যে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ঘটনার বিষয়ে সোনারগাঁ থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে। অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়ানোর সাহস না পায়।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন