সোনারগাঁও প্রতিনিধি : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১।
শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক পৌনে একটার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন এলাকা থেকে উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর সিপিএসসি কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল বড় চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক বিক্রির একটি স্পটে অবস্থানরত কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র্যাব-১১ এর ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
