খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ও জনসংহতি সমিতির (জেএসএস) গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় এ ঘটনা ঘটে।
তিনজন নিহত হওয়ার বিষয়টি পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে মধুমঙ্গলপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তিনজনের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, নিহত তিনজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এদিকে ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে জেএসএস ও ইউপিডিএফ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Tags
খাগড়াছড়ি
