নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে মোট মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি। এর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে, আর সবচেয়ে কম মসজিদ রয়েছে সিলেট বিভাগে।
সোমবার (৬ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের আনুষ্ঠানিকভাবে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়।
প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের ৮টি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট ৭৫ হাজার ৯৫৬টি মসজিদ রয়েছে। জনসংখ্যা, বিস্তৃত ভৌগোলিক এলাকা এবং বিপুল সংখ্যক গ্রাম ও নগরকেন্দ্র থাকার কারণে ঢাকায় মসজিদের সংখ্যাও সর্বোচ্চ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে মসজিদের সংখ্যা ৬৩ হাজার ৭০৩টি।
আর সবচেয়ে কম মসজিদ রয়েছে চায়ের দেশ খ্যাত সিলেট বিভাগে। এ বিভাগে মসজিদের সংখ্যা ২২ হাজার ৬টি।
বাকি বিভাগগুলোর পরিসংখ্যান হলো- রংপুর বিভাগে ৪৫ হাজার ৭৯২টি। রাজশাহী বিভাগে ৪৫ হাজার ৬৭৯টি। বরিশাল বিভাগে ৩৫ হাজার ৬৯১টি। খুলনা বিভাগে ৩৪ হাজার ৫৮৬টি। ময়মনসিংহ বিভাগে ৩১ হাজার ২১২টি।
ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, মাঠপর্যায়ে থাকা ইসলামিক ফাউন্ডেশনের অফিসের মাধ্যমে এ তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে।
এর আগে, করোনা মহামারির সময় একটি তালিকা তৈরি করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী এখন মসজিদের সংখ্যা ৪০ হাজারের মতো বেড়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
