নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমান মাদক ও মাদক বহনকারী ট্রাক ও সিএনজি সহ ১ জন গ্রেফতার
এসএম মিরাজ হোসেন টিপুঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০৭ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ ও স্কাফ বহনকারী ১টি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা সহ ফারুক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
বুধবার সকালে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের মঠের ঘাট এলাকা থেকে তাকে এই বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন। গ্রেফতারকৃত ফারুক রূপগঞ্জ থানাধীন মাছিমপুর এলাকার মোঃ সামসুদ্দিন মিয়ার ছেলে বলে জানা গেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি অভিযান পরিচালনাকারী দল মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় একটি সাঁড়াশি অভিযান চালিয়ে একটি পাথরবোঝাই ট্রাক থেকে একটি সিএনজি অটোরিকশায় নামানোর সময় কয়েকটি বস্তায় ভর্তি ১ হাজার ১০৭ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকেই মাদক ব্যবসায়ী ফারুককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে, বুধবার বিকলে গ্রেফতারকৃত আসামিকে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।
ওসি সালাউদ্দিন আরোও জানান, রূপগঞ্জ থানাধীন প্রতিটি এলাকাকে মাদক মুক্ত করতে পুলিশের এধরনের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতিতে রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
