আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলার শিরন্টি ইউনিয়নের ঘরিয়াপাড়া এলাকায় আদালতের জারি করা ১৪৪ ধারা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে দখল ও নির্মাণকাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূসহ একই পরিবারের তিন সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ, মোজাম্মেল হকসহ কয়েকজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, সোমবার (১৩ জুলাই) বিকেলে পৈত্রিক জমিতে দখল ও নির্মাণকাজের প্রতিবাদ করতে গেলে আব্দুস সামাদ ও মোজাম্মেল হকের নেতৃত্বে একদল লোক লাঠিসোটা ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে গৃহবধূ মর্জিনা আক্তার, তার জা এবং তাদের উদ্ধার করতে গিয়ে আব্দুল্লাহ আল মাহমুদ গুরুতর আহত হন। অভিযোগে আরও বলা হয়, হামলার সময় মর্জিনা আক্তারকে শ্লীলতাহানির শিকার হতে হয় এবং আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
আহতদের সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় কয়েকজনের দাবি, আব্দুস সামাদ অতীতেও বিভিন্ন সময় এলাকায় প্রভাব বিস্তার, মিথ্যা মামলা ও নির্যাতনের অভিযোগে সমালোচিত ছিলেন।
এ ঘটনায় আহত আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে আব্দুস সামাদ, মোজাম্মেল হকসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭–৮ জনকে আসামি করে পত্নীতলা থানায় হত্যাচেষ্টা, শ্লীলতাহানি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
