পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত


হাফেজ নজরুল, মুরাদনগর (কুমিল্লা) : 

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের মাটে  মুরাদনগর থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, মুরাদনগর সার্কেল, কুমিল্লা।

সৈয়দ তৌফিক আহমেদ মীর, যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি; মোল্লা গোলাম মহিউদ্দিন,  যুগ্ম আহবায়ক কুমিল্লা উত্তর জেলা বিএনপি, আরো উপস্থিত ছিলেন বি এনপি নেত আব্দুল আজিজ মোল্লা, মো. মাসুদ রানা, মোল্লা মজিবুল হক, কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম ও অ্যাডভোকেট নাসির উদ্দিন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মোহাম্মদ মহসীন মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী—উভয়েই সমাজের জন্য ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে তাদের চিহ্নিত করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সমাবেশে মোল্লা গোলাম মহিউদ্দিন বলেন, দলের নাম ব্যবহার করে কেউ মাদক ব্যবসায় জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রমাণসহ তথ্য দিতে হবে। প্রমাণ পাওয়া গেলে তিনি যেই হোন না কেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং দল থেকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. কামরুজ্জামান বলেন, এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে পুলিশকে তথ্য দিতে হবে। তথ্য পেলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ও মাদকের বিস্তার রোধে পুলিশের পাশাপাশি এলাকার সচেতন নাগরিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কাজে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার বিপুলসংখ্যক সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন