বর্ণাঢ্য আয়োজনে সুবর্ণজয়ন্তীর উৎসব উদযাপনের লোগো উন্মোচন



গৌরবের ৫০ বছরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব। স্বাধীনতা উত্তরকালে প্রতিষ্ঠিতের পর নানান চড়াই-উৎরাই পেরিয়ে আজ গৌরবের ৫০ বছরে উপনীত। গৌরব-ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপনের লোগো উন্মোচন করা হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসে বর্ণাঢ্য আয়োজনে এই সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবেই আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করা হয়। 

শনিবার (০৮ আগস্ট) রাত সাড়ে আটটায় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন করেন জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এম.পি।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে ও শারমিন সুলতানার সঞ্চালনায় স্বাগত বক্তব্যে ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এম.পি বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তির উদযাপনটিকে আমরা পুরো ব্রাহ্মণবাড়িয়ার উৎসব হিসেবে দেখতে চাই। এর আয়োজনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার পাশাপাশি রাজধানী ঢাকায় কর্মরত ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদেরকেও উৎসবের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। যাতে এই সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানটিকে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একটি জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় আয়োজন হিসেবে উপভোগ করতে পারে। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের অন্যতম ইতিবাচক দিক হলো সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করা। আগামীদিনে এই ঐক্যবদ্ধতাকে আর সুদৃঢ়ভাবে ধরে রাখতে হবে যাতে জেলার নয়টি উপজেলার সাংবাদিকরাও এটিকে মডেল ধরে ঐক্যবদ্ধ হবার প্রেরণা পায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান খন্দকার, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মো. হাবিবুল্লাহ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি ও সাবেক পৌরমেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। সাংবাদিকদের মাঝে বক্তৃতা করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাংবাদিক মনজুরুল আলম, কবি জয়দুল হোসেন, আল আমিন শাহীন, শেখ শহিদুল ইসলাম, পীযুষ কান্তি আচার্য্য, আশিকুল ইসলাম, আবদুন নুর, শাহাদৎ হোসেন ও আশেক মান্নান হিমেল। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্যপদের সনদ গ্রহণ করেন ওয়াসিকুর রহমান মোস্তাক মোল্লা, দেওয়ান দিদারুল আলম ও খায়রুল হাসান। আনুষ্ঠানিক লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনের মাধ্যমে আগামী জানুয়ারিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তির সুবর্ণজয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু হলো। (ছবি : মেইলে সংযুক্ত)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন