নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঐতিহ্যবাহী শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের নাম, লোগো ও মিল রেখে ভুয়া ফেসবুক আইডি খুলে মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। প্রতিষ্ঠানটির এড-হক কমিটির অভিভাবক প্রতিনিধি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোস্তফা কামাল বাদী হয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এই মামলাটি দায়ের করেন।
মামলায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫ ও ২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। এতে অজ্ঞাতনামা ১১/১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১১ মে ২০২৬ তারিখে মো. মোস্তফা কামালকে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই একটি কুচক্রী মহলের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির অনিয়ম-দুর্নীতির তদন্ত ও আইনানুগ পদক্ষেপ শুরু হয়।
প্রতিষ্ঠানটির তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মো. রাসেল মাহমুদ হাসান এবং হিসাব রক্ষক মো আলী হোসেনকে আর্থিক হিসাব ও নথিপত্র হস্তান্তরের জন্য গত ২৪ জুন নোটিশ দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কোনো জবাব না দিয়ে আত্মগোপনে চলে যান। অভিযোগ রয়েছে, এরপর থেকেই আসামিরা নিজেদের দুর্নীতি ঢাকতে শিক্ষা প্রতিষ্ঠানের মূল ফেসবুক আইডি (Sher-E-Bangla Balika Mohavidyalaya)-এর আদলে Shere Bangla Balika ও Sher-E-Bangla Balika Mahavidyalaya নামে দুটি ভুয়া ফেসবুক আইডি ও পেজ খোলে।
বাদী অভিযোগ করেন, ভুয়া আইডিগুলো থেকে এড-হক কমিটির সেক্রেটারি (ভারপ্রাপ্ত অধ্যক্ষ), অভিভাবক প্রতিনিধি (বাদী) এবং প্রতিষ্ঠানের ছাত্রীদের নিয়ে বিভিন্ন এডিটেড অশ্লীল ছবি ও মানহানিকর কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে প্রতিষ্ঠানটির সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে এবং শিক্ষার্থী ও অভিভাবকরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। স্থানীয় থানায় মামলা করতে গেলে পুলিশি পরামর্শে বাদী আদালতে এই মামলা করেন।
মামলায় সাক্ষী হিসেবে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোজিনা শাহিন, সিনিয়র শিক্ষক শামীম মাহফুজা আক্তার, সহকারী শিক্ষক আকলিমা আক্তার ও সৈয়দা মেহনাজ নাইয়ারার নাম রয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে মামলায় প্রার্থনা করা হয়েছে।
