নাটোরে পৃথক অভিযানে চোলাই মদ-গাঁজা জব্দ, আটক ৪



মাটির নিচে পুঁতে রাখা ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার

আব্দুল মজিদ, নাটোর : নাটোরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেনসিডিল, ১৫ লিটার চোলাই মদ ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় এক বৃদ্ধ নারীসহ চারজনকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের উপপরিচালক রিফা রওনাক নীতু জানান, বুধবার রাতে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে মোছা. হেলেনা বেগম (৬৫) নামে এক নারীকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। আটক হেলেনা খাতুন দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত খোরশেদ আলমের স্ত্রী।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আসাদুর রহমান বাদী হয়ে নাটোর থানায় একটি মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, একই দিন বিকেলে শহরের চকবৈদ্যনাথ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন চকবৈদ্যনাথ গ্রামের শ্রী শ্যামল ভূঁইয়ার ছেলে শ্রী সুরজ ভূঁইয়া এবং শ্রী বাবুল ভূঁইয়ার ছেলে শ্রী রঞ্জিত ভূঁইয়া।

এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আসাদুর রহমান বাদী হয়ে নাটোর থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এদিকে, বুধবার সকালে জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে মো. ইয়াকুব কবিরাজের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে তার বাড়ির শয়নকক্ষের বারান্দার মাটির নিচে পুঁতে রাখা ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ইয়াকুব কবিরাজ কালিকাপুর গ্রামের মৃত মোখলেছ কবিরাজের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ দেবনাথ বাদী হয়ে বুধবার রাতে বড়াইগ্রাম থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের উপপরিচালক রিফা রওনাক নীতু জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন